মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর নির্দেশ: প্রেসিডেন্ট মুইজ্জুর
- আপডেটঃ ০২:২৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৪৮ বার পঠিত
ভারত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি নিয়ে শুক্রবার ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ১৪ জানুয়ারি মালেতে দুই দেশের গঠিত উচ্চ পর্যায়ের কোর গ্রুপের প্রথম বৈঠকে ১৫ মার্চের মধ্যে ভারতকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ-স্তরের কোর গ্রুপের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিপক্ষীয় এ বৈঠকে দুদেশের চলমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন দুদেশের শীর্ষ কূটনীতিকরা।
পরে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতে এক বিবৃতিতে জানায়, দ্বিপাক্ষিক এ বৈঠকটিতে ফলপ্রসূ আলোচনায় ভারত সরকার দু-ধাপে আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক কর্মীদের প্রত্যাহার করতে সম্মত হয়েছে। মালদ্বীপের স্থানীয় গণমাধ্যম পিএসএমও এই তথ্য জানিয়েছে।
মালদ্বীপ কর্তৃপক্ষ জানিয়েছে, মার্চ এবং মে মাসের মধ্যে দুই ধাপে ভারতীয় সেনাদের সরিয়ে নিতে ভারত সম্মত হয়েছে।
বৈঠকে উভয়পক্ষই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্বের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করে। উভয় মন্ত্রণালয়ের সম্মতিতে উচ্চ-স্তরের কোর গ্রুপের পরবর্তী বৈঠকটি পারস্পরিক সম্মত তারিখে মালদ্বীপে অনুষ্ঠিত হবে।
এর আগে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু আনুষ্ঠানিকভাবে ভারতকে ১৫ মার্চের মধ্যে তাদের সামরিক কর্মীদের প্রত্যাহারের জন্য অনুরোধ জানিয়েছিলেন। বিষয়টি নিয়ে বহুবার দ্বিপাক্ষিক আলোচনা হয়।
মালদ্বীপ সরকারের তথ্যমতে দেশটিতে বর্তমানে ভারত সরকারের দান করা হেলিকপ্টার এবং ডর্নিয়ার বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৮৮ জন ভারতীয় সামরিক কর্মী রয়েছেন।
গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ‘ইন্ডিয়া আউট’ প্লাটফর্ম নিয়ে প্রচার চালান। ভোটে মুইজ্জু মালদ্বীপের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাকে অনেকটা চীনপন্থি বলে মনে করা হয়। তবে তার পূর্বসূরী ইব্রাহিম সোলিহ ভারতপন্থি ছিলেন।










