নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দিল ইয়েমেন
- আপডেটঃ ০২:৩৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৫২ বার পঠিত
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন আহমেদ আওয়াদ বিন মুবারক। এর আগে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
স্থানীয় সময় সোমবার (৫ ফেব্রুয়ারি) এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে ইয়েমেনের মন্ত্রিসভা। খবর রয়টার্সের।
বিন মুবারক এমন সময় মইন আবুদুলমালিক সাইদের স্থলাভিষিক্ত হলেন, যখন ইয়েমেনে উত্তেজনা চলছে। গাজায় হামলার প্রতিবাদে ও তাদের প্রতি সমর্থন জানাতে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ৩৬ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিল গতকাল সোমবার জারি করা এক অধ্যাদেশে বলেছে, বিদায়ী প্রধানমন্ত্রী মইন আবুদুলমালিক সাইদ প্রেসিডেন্টের উপদেষ্টা পদে নিয়োগ পাবেন। তবে এই পরিবর্তনের কোনো কারণ জানায়নি কাউন্সিল।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত বিন মুবারককে হুতি বিদ্রোহীদের কট্টর বিরোধী হিসেবে দেখা হয়।
ইয়েমেনের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্বপালনকালে সে সময়ের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব ছিল মুবারকের। ২০১৫ সালে হুতিরা অপহরণ করার পর তিনি আলোচনায় আসেন।২০১৮ সালে জাতিসংঘে ইয়েমেনের দূত হিসেবেও নিয়োগ পান বিন মুবারক।










