মুনাফা বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের
- আপডেটঃ ০৬:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৮৯৪ বার পঠিত
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল কোম্পানিটি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সেনা কল্যাণে ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ৩ টাকা ৪২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৬ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৯ দশমিক ৫৮ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে ছিল ২০ টাকা ১৭ পয়সা।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ মার্চ দুপুর ১২টায় রাজধানীর মহাখালীতে এসকেএস টাওয়ারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। সভায় বিনিয়োগকারীরা ডিজিটাল প্লাটফর্মেও অংশ নিতে পারবেন। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ মার্চ।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ১৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৯৯ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্যও শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯৩ পয়সা। ২০২১ সাল শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২৬ টাকা ৯৯ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৯ পয়সা।
সর্বশেষ রেটিং অনুসারে, কোম্পানির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও গত ৪ জুলাই পর্যন্ত কোম্পানির অন্যান্য প্রাসিঙ্গক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং)।
২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্সুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৪০ কোটি ৬৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা চার কোটি। এর মধ্যে ৬০ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৬ টাকা ১০ ও ৬২ টাকা ৫০ পয়সা।










