সিটি করপোরেশনের গাড়িচাপায় পোশাক শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন
- আপডেটঃ ১২:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৪১ বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার গাড়ির চাপায় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করছেন কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত জনতা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার মহাসড়ক পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী শ্রমিকের নাম মুনিরা (৩০)। তিনি স্থানীয় একটি কারখানার নারী পোশাক শ্রমিক ছিলেন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের কুনিয়া বড়বাড়ি এলাকায় আজ সকাল ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলার একটি গাড়ি এক শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ সময় আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। পরে সিটি করপোরেশনের গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা।
খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলছে। মহাসড়কের মাঝে থাকা সড়ক বিভাজকগুলো তুলে দেওয়া হয়েছে। ফলে যত্রতত্র পারাপার হতে গিয়ে দুর্ঘটনা ঘটছে।
গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।










