ইসরাইলি হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত
- আপডেটঃ ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯০৪ বার পঠিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ২৯ হাজার ছাড়াল। তাদের অধিকাংশ নারী ও শিশু। শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২৯ হাজার ৫১৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৬৯ হাজার ৬১৬ জন।
তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এইসব হামলা এমন সময় চালানো হলো যখন ইসরাইলের গুপ্তচর প্রধান একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আলোচনার লক্ষ্য হলো, যুদ্ধবিরতির বাধাগুলো দূর এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করা।
প্যারিস আলোচনা শুরুর আগেই গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে অযৌক্তিক এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস। এছাড়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এমন পরিকল্পনার সমালোচনা করেছে।
এদিকে গাজার চলমান পরিস্থিতিতে দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এতে সেখানকার বেসামরিক নাগরিকদের উদ্বেগ আরও গভীর হয়েছে।ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনডব্লিউআরএ শনিবার ঘোষণা করেছে যে, গাজার বাসিন্দারা অত্যন্ত বিপদে রয়েছে; যখন বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে।










