রবি আজিয়াটার ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন
- আপডেটঃ ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০২১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের গত সপ্তাহের চার কার্যদিবসে ১ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ৪৪৬ শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৬২ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। গতকাল স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার রবি আজিয়াটা শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩০ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৩০ টাকা থেকে ৩৩ টাকা ৯০ পয়সায় ওঠানামা করেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩১ ডিসেম্বর ২০২৩ হিসাব বছরে মুনাফা বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। এ সময়ে রবি আজিয়াটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ পয়সা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৭৪ দশমিক ২৯ শতাংশ। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৬ পয়সায়।এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মার্চ।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটার পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ হিসাব বছর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৮২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৪ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে রবি আজিয়াটা। এর মধ্যে ২ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ ও ৩ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৩ পয়সা। ২০২১ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ১২ টাকা ৬৪ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি।
২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটার অনুমোদিত মূলধন ৬ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৫ হাজার ২৩৭ কোটি ৯৩ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৬০ কোটি ৭৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫। এর মধ্যে ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১ দশমিক ৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৮ দশমিক ৩০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।










