যুদ্ধের মধ্যে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া
- আপডেটঃ ০২:৪০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৭৩ বার পঠিত
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে ৬ হাজার ৭০০ কনটেইনারবোঝাই অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া। গত জুলাই থেকে এসব যুদ্ধাস্ত্র সরবরাহ করা হচ্ছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। গত বছরের জুলাই থেকে মস্কোকে এসব অস্ত্র দেয় দেশটি।
গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন উন-সিকে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর ইয়োনহাপের।
শিন উন-সিকের দাবি, উত্তর কোরিয়ার এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৩০ লাখের বেশি কামানের গোলা ও ৫ লাখ রাউন্ড গুলি।কাঁচামাল ও বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র তৈরির শত শত কারখানা নিজেদের সক্ষমতার মাত্র ৩০ শতাংশ উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কাজে নিয়োজিত কারখানাগুলো পুরোদমে চালু রয়েছে বলে দাবি দক্ষিণ কোরীয় প্রতিরক্ষামন্ত্রীর। তবে এসব তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি।
সিউল ও ওয়াশিংটন পিয়ংইয়ং ও মস্কোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ এনেছে। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে। যদিও দুই দেশই পারস্পরিক সামরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করলেও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।
গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি তালিকা প্রকাশ করে বলেছে, গত সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে ১০ হাজারের বেশি কনটেইনার ভর্তি গোলা বা সংশ্লিষ্ট রসদ সরবরাহ করেছে।
এর বিনিময়ে উত্তর কোরিয়া ৯ হাজার কনটেইনার পণ্য পেয়েছে। যার বেশিরভাগই খাবার। শিন উন বলেন, যা সেখানকার খাবারের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করেছে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়া ও রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ করে আসছে সিউল ও ওয়াশিংটন। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করার জন্য উত্তর কোরিয়ার নিন্দা করে আসছে দেশ দুটি। তবে সামরিক সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করলেও অস্ত্র ব্যবসার অভিযোগ অস্বীকার করেছে মস্কো ও পিয়ংইয়ং।










