নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা দিলেন: মোদি
- আপডেটঃ ০৪:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ৮৮০ বার পঠিত
আন্তর্জাতিক নারী দিবসে নারী ভোটারদের মন জয়ের চেষ্টায় রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপ্রতি ১০০ রুপি কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গতকাল শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। এ দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সারা দেশের লাখ লাখ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে। এতে আমাদের নারীরা বিশেষভাবে উপকৃত হবে।’
নরেন্দ্র মোদি আরও বলেন, এই পদক্ষেপটি ‘সহজ জীবনযাপন’ নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ। রান্নার গ্যাসকে আরও সাশ্রয়ী করে তোলার মাধ্যমে, আমরা পারিবারিক কল্যাণ ও এক স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়েছি। এতে নারীদের ক্ষমতায়নের পাশাপাশি, তাদের জন্য জীবনযাত্রা আরও সহজ হয়ে উঠবে।
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় এলপিজি সিলিন্ডারে ৩০০ রুপি ভর্তুকি দেওয়ার মেয়াদ আগামী অর্থবছরের জন্য বাড়ানো হয়।এর আগে গত বছরের অক্টোবরে এলপিজি সিলিন্ডারে ভর্তুকির পরিমাণ ২০০ রুপি থেকে বাড়িয়ে ৩০০ রুপি করেছিল মোদি সরকার। এই ভর্তুকির মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ নতুন করে আবার বাড়াল ভারত সরকার।










