সোমালি দস্যুদের কবল থেকে ২৩ জনকে উদ্ধার
- আপডেটঃ ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ৯০১ বার পঠিত
প্রায় ১২ ঘণ্টার অভিযান শেষে সোমালি জলদস্যুদের কবল থেকে ইরানের পতাকাবাহী মাছ ধরার নৌকা ‘আল-কাম্বার ৭৮৬’ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী।আরব সাগরে চালানো এই অভিযানে নৌকাটিতে থাকা ২৩ জন পাকিস্তানি নাগরিককেও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) ভারতীয় নৌবাহিনীর একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইরানের ওই নৌকায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। নৌকাটি ইয়েমেনের সোকোট্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এক বিবৃতিতে বাহিনীটির পক্ষ থেকে বলা হয়, ২৮ শে মার্চ সন্ধ্যায় একটি ইরানি মাছ ধরার নৌকা আল-কাম্বার ৭৮৬-এ একটি জলদস্যুতার ঘটনা জানার পর দুটি ভারতীয় নৌ জাহাজ অভিযান চালায়। ১২ ঘন্টারও বেশি সময় ধরে প্রয়োগ করা প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপের কারণে জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এসময় ২৩ পাকিস্তানি নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে পরে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে যাতে সেটি স্বাভাবিক মাছ ধরার কার্যক্রম আবার শুরু করতে পারে।
এর আগে ১৭ মার্চ প্রায় ৪০ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে সোমালি জলদস্যুদের কবল থেকে মাল্টার পণ্যবাহী জাহাজকে উদ্ধার করে ইন্ডিয়ান নেভি। জাহাজের দখল নেওয়া ৩৫ জলদস্যুকে গ্রেফতার করা নেওয়া হয় ভারতে। উদ্ধার করা হয় জাহাজের ১৭ সদস্যকেও।
প্রসঙ্গত, আরব সাগরে বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন জাহাজ এবং নৌকাকে সোমালি জলদস্যুদের হামলার কবলে পড়তে হয়েছে। বেশ কয়েক বছর পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে এই দস্যুরা।










