এবার ইরাকে ইরানসমর্থিত সেনাঘাঁটিতে হামলা
- আপডেটঃ ০১:৪৭:১০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ৮৯৪ বার পঠিত
ইরাকের মধ্যাঞ্চলে ইরানসমর্থিত সেনাঘাঁটিতে বোমা হামলার ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে গতকাল শুক্রবার রাতে এ হামলা চালানো হয়। এ হামলায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই বলে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কালসো নামে একটি সেনাঘাঁটিতে অবস্থানরত পপুলার মোবিলাইজেশন ফোর্সের সেনাদের ওপর আকাশ থেকে বোমা হামলা হয়েছে।
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, বিমান থেকে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের ১ সেনা নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হিলা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে বলেছে, ‘বিস্ফোরণে বস্তুগত ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনার তদন্ত করতে একটি দল কমিটি গঠন করা হয়েছে।’ তবে বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, কারা এ বিমান হামলার জন্য দায়ী তা জানা যায়নি। তবে যুক্তরাষ্ট্র এ হামলার দায় অস্বীকার করেছে। ইরাকে অবস্থানরত এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘ইরাকে কোনো মার্কিন সামরিক তৎপরতা ছিল না।’
গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল।










