ভারতে কমছে হিন্দুর, বেড়েছে মুসলিম সংখ্যা
- আপডেটঃ ০৬:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ৮৯৭ বার পঠিত
পাশের দেশ ভারতে গত ৬৫ বছরে হিন্দু জনগোষ্ঠী কমেছে। অন্যদিকে এই সময়ের মধ্যে বেড়েছে সংখ্যালঘু বা মুসলিমদের সংখ্যা। ১৯৫০ থেকে ২০১৫ পর্যন্ত ভারতের জনসংখ্যার ভিত্তিতেই এই রিপোর্ট প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদ। এতে দেখা গেছে, ভারতের হিন্দুদের সংখ্যা ৮ শতাংশ কমেছে।
বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে ও দি ইকোনোমিক টাইমস।
ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টারের (ইএসি-পিএম) একটি সমীক্ষায় দেখা গেছে, ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের (হিন্দু) জনসংখ্যার হার ৭ ধশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে, যেখানে বেশ কয়েকটি প্রতিবেশী দেশে তাদের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনসংখ্যা বেড়েছে।
ভারতে হিন্দু জনসংখ্যা কমলেও মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ও শিখসহ সংখ্যালঘুদের অংশ বেড়েছে। তবে জনসংখ্যার মিশ্রণে জৈন ও পার্সিদের সংখ্যা হ্রাস পেয়েছে।১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৪৩ দশমিক ১৫ শতাংশ, খ্রিস্টান বেড়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ, শিখ বেড়েছে ৬ দশমিক ৫৮ শতাংশ এবং বৌদ্ধদের সংখ্যা সামান্য বেড়েছে।
ইএসি-পিএম সমীক্ষা অনুসারে, ভারতের জনসংখ্যায় হিন্দুদের অংশ ১৯৫০ সালে ৮৪ শতাংশ থেকে কমে ২০১৫ সালে ৭৮ শতাংশ হয়েছে, যেখানে মুসলমানদের সংখ্যা একই সময়কালে (৬৫ বছরের) ৯ দশমিক ৮৪ শতাংশ থেকে বেড়ে ১৪ দশমিক ০৯ শতাংশ হয়েছে।
ভারতে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হ্রাস ৭ দশমিক ৮ শতাংশ নিকটবর্তী প্রতিবেশীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উল্লেখযোগ্য হ্রাস, মিয়ানমারের ঠিক পরেই।
ভারতে সংখ্যালঘুরা সুরক্ষিত রয়েছে। শুধু তাই নয়, যথেষ্ট উন্নতি করেছে বলে রিপোর্টে বলা হয়েছে।










