মালয়েশিয়ায় হাইকমিশনের পাসপোর্টসংক্রান্ত জরুরি নোটিশ
- আপডেটঃ ০৬:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ৯৫১ বার পঠিত
মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের চলমান বৈধকরণ প্রোগ্রাম ‘আরটিকে ২.০’ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্যও বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে প্রবাসী বাংলাদেশিদের পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে হাতে হাতে পাসপোর্ট সরবরাহ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মে) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
এতে বলা হয়েছে, মালয়েশিয়ার পেনাং ও জহুর বারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৮ ও ১৯ মে (শনিবার ও রোববার) এই দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পেনাং জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এই জন্য আগামী ১৫ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বাংলাদেশ হাইকমিশন জানায়, এছাড়া আগামী ২৫ ও ২৬ মে (শনিবার ও রোববার) এই দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জহুর বারুর অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এই জন্য আগামী ২২ মে’র মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে।
এতে অঅরও বলা হয়েছে, নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য https://appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করতে হবে। একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। তবে একইসঙ্গে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।
এদিকে, কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র দাখিল করা যাবে।










