আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০০, বহু নিখোঁজ
- আপডেটঃ ০৫:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪
- / ৯৯৬ বার পঠিত
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় বাঘলান প্রদেশে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১১ মে) জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা এএফপিকে জানিয়েছে, শুক্রবার (১০ মে) ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হলে বাঘলান প্রদেশে দুইশ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যায় এক হাজার পাঁচশতোর বেশি ঘর-বাড়ি ও বিদ্যালয় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক অঞ্চলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি উঠে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বন্ধ করে দেয়া হয়েছে কাবুল এবং উত্তর আফগানিস্তানের মহাসড়ক। এসব অঞ্চলে বিদ্যুৎ, পানি ও খদ্য সংকট দেখা দিয়েছে।
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন, বন্যায় যারা মারা গেছেন তারা বাঘলান প্রদেশের বোরকা জেলার মানুষ। সেখানে আরও দুই শতাধিক মানুষ তাদের ঘরের মধ্যেই আটকা পড়েছেন।
খাদ্য ও ত্রাণ সরবরাহের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে শুক্রবার রাতে ওই অঞ্চলে আরও দুটি ঝড়ের পূর্বাভাসের দেয়া হয়েছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।










