লালমনিরহাটে ক্লাস চলাকালীন বালিকা বিদ্যালয়ে আগুন
- আপডেটঃ ০৫:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ৯৩৪ বার পঠিত
লালমনিরহাটের আদিতমারী উপজেলা শহরের কেবি বালিকা বিদ্যালয় ও কলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ রোববার (১২ মে) দুপুরে কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের ষষ্ঠ শ্রেণির ক্লাসরুমে এ আগুনের সূত্রপাত ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর একটার দিকে আকস্মিকভাবে ৬ষ্ঠ শ্রেণির দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে। শ্রেণিকক্ষে আগুন দেখে শিক্ষর্থীরা আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ওই শ্রেণিকক্ষ দুটিতে থাকা ১০টি ফ্যান, দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে যায়।
কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সবকিছু পুড়ে গেছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, সংবাদ পাওয়া মাত্রই আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি।










