ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে মিরপুরে সড়ক অবরোধ
- আপডেটঃ ০২:০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ৯১১ বার পঠিত
ব্যাটারিচালিত রিকশা চালানোর অনুমতি চেয়ে লাঠি হাতে রাজধানীর সড়ক অবরোধ করেছেন চালকরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।
আজ রবিবার (১৯ মে) সকাল থেকে মিরপুর-১ ও আগারগাঁও সহ বিভিন্ন এলাকা থেকে আসা চালকরা দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করে।
তাদের অবরোধে বন্ধ হয়ে পড়েছে ওই এলাকার যান চলাচল। তবে বিপুল পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় চেষ্টা করছেন চালকদের সড়ক থেকে সরিয়ে দিতে। যদিও শ্রমিকরা বলছেন- আদেশ না প্রত্যাহার করলে তারা সড়ক ছাড়বেন না।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চালকরা মিরপুর-১০ নম্বর চত্বরে অবরোধ করেছেন। আমাদের চেষ্টা চলছে তাদেরকে সরিয়ে দিতে।
এর আগে, গত বুধবার (১৫ মে) রাজধানীর বনানীতে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সভা শেষে মড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন ঢাকা শহরে চলবে না ব্যাটারিচালিত অটোরিকশা।
এরপর অটোরিকশা বন্ধ করতে অভিযানও পরিচালনা করা হয়েছে। কিন্তু এরপরই শুরু হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। সাধারণ যাত্রী এবং চালক কেউই অটোরিকশা বন্ধের পক্ষে নন।










