পাঁচ খাতে ৩০ শতাংশের বেশি লেনদেন কমেছে
- আপডেটঃ ০৪:২৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
- / ৯৬৫ বার পঠিত
শেয়ারবাজারে গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় পাঁচ খাতে লেনদেন ৩০ শতাংশের বেশি কমেছে। খাতগুলো হলো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন, সেবা ও প্রকৌশল। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, গত সপ্তাহে ব্যাংক খাতে দৈনিক লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ৫৭ কোটি টাকা। সে হিসাবে খাতটির লেনদেন কমেছে ৩৬ দশমিক ৮৩ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান খাতে গত সপ্তাহে দৈনিক লেনদেন কমেছে ৫০ দশমিক ৩৬ শতাংশ।
আলোচ্য সপ্তাহে খাতটির দৈনিক লেনদেন হয়েছে ৬ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ১২ কোটি টাকা। গত সপ্তাহে টেলিকমিউনিকেশন খাতে লেনদেন কমেছে ৫৪ দশমিক ৪৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে খাতটির দৈনিক লেনদেন হয়েছে ৫ কোটি টাকা, আগের সপ্তাহে যা ছিল ১০ কোটি টাকা।
আলোচ্য সপ্তাহে সেবা খাতে দৈনিক লেনদেন হয়েছে ৪৩ কোটি টাকা, আগের সপ্তাহে যা হয়েছিল ৬২ কোটি টাকা। সে হিসাবে খাতটির লেনদেন কমেছে ৩০ দশমিক ৪৫ শতাংশ। গত সপ্তাহে প্রকৌশল খাতে ৩৩ দশমিক ১০ শতাংশ লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে খাতটিতে দৈনিক ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৯৯ কোটি টাকা।
এদিকে গত সপ্তাহে কেবল পাঁচটি খাতে দৈনিক লেনদেন বেড়েছে। খাতগুলো হলো মিউচুয়াল ফান্ড, সাধারণ বীমা, জীবন বীমা, তথ্যপ্রযুক্তি ও কাগজ। এসব খাতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে যথাক্রমে ২৫ দশমিক ৭৫, ৩৫ দশমিক ৬৩, ৪৮ দশমিক ৫১, ৭ দশমিক ৩৩ ও ৩ দশমিক শূন্য ৯ শতাংশ।
বাকি খাতগুলোর মধ্যে গত সপ্তাহে ওষুধ ও রসায়ন খাতে ২০ দশমিক ৯০, জ্বালানি খাতে ১২ দশমিক ৪৪, সিমেন্ট খাতে ৫ দশমিক ৫৩, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৩ দশমিক ৪৯, বস্ত্র খাতে ২৮ দশমিক ৮৮, চামড়া খাতে ১৭ দশমিক ৬৩, পাট খাতে ১২ দশমিক ৬১, সিরামিক খাতে ২৭ দশমিক ৪০ ও বিবিধ খাতে ১৩ দশমিক শূন্য ৯ শতাংশ লেনদেন কমেছে।










