মোদির শপথে অংশ নিচ্ছেন শেখ হাসিনা যেসব বিদেশি নেতারা
- আপডেটঃ ০৬:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ৮৪৭ বার পঠিত
তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিসহ অনুষ্ঠানে ৭ বিদেশি নেতার যোগ দেওয়া কথা রয়েছে।
আজ শনিবার (০৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রোববার (০৯ জুন) ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের শপথ পাঠ করাবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে তাদের মধ্যে অনেকেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা রোববারের মধ্যে দিল্লিতে এসে পৌঁছাবেন।
যারা মোদির শপথে আসবেন তাদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অংশ নিচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার ডাহাল ও ভুটানের প্রধানমন্ত্রী থেসেরিং তোবগে।
কোন নেতা কবে ভারতে পৌঁছাবেন: শনিবার ভারতে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিসিলিশের ভাইস প্রেসিডেন্ট। বাকি নেতারা রোববার দিল্লিতে পৌঁছাবেন। নেতাদের আগমন উপলক্ষ্যে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া লীলা, তাজ, আইটিসি মৌরাসহ বড় হোটেলগুলো কঠোর নিরাপত্তা বেষ্টনির আওতায় নিয়ে আসা হয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান ছাড়াও ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশ নেবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট। তখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।










