বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশের গুলিতে পুলিশ নিহত
- আপডেটঃ ১২:০১:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ৮২৯ বার পঠিত
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোন এলাকার ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে মনিরুল নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে কাউসার নামে অপর এক পুলিশ কনস্টেবলকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার (০৮ জুন) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে পুলিশ সদস্যরা চান্সেরি বিভাগ থেকে দূতাবাসে ডিউটি করে থাকেন।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে কনস্টেবল কাউসার আহমেদের (কনস্টেবল নম্বর ৮১২৬) গুলিতে অপর কনস্টেবল মনিরুল (কনস্টেবল নম্বর ৩৬৯৮১) মারা গেছেন। এ ঘটনায় পথচারী জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার তিনটি গুলি লেগেছে।
ইউনাইটেড হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, গুলশান থেকে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন।
গুলশান-বারিধারা ডিপ্লোমেটিক জোনের সামনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক টিম রয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সোয়াট টিম।










