কলাপাড়ায় আবারও ধরা পড়ল রাসেলস ভাইপার
- আপডেটঃ ০৫:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ৮২৮ বার পঠিত
পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের মালয়েশিয়ান প্রবাসী মো. আবদুল বারেকের বাড়ির জালে আটকা পড়েছে রাসেলস ভাইপার সাপ। এটির দৈর্ঘ্য ৫ ফুটের মতো।
আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন সাপটিকে জালে আটক অবস্থায় দেখতে পায়। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।
একই বাড়ির বাসিন্দা আ. জলিল বলেন, ‘বাড়ি থেকে রাস্তায় উঠার পথে রাতের যে কোনো সময় আটকা পড়ে সাপটি। সকালে দেখতে পাই। সাপটি এখনো জীবিত আছে। আমরা এটাকে আঘাত করিনি।’
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী বলেন, ‘আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করা হবে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ড.শংকর চন্দ্র অধিকারী বলেন, ‘রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি আঘাত করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।’
এর আগে, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব বৌলতলীর ইসলামপুর গ্রামে মো. নুরু খান নামের এক ব্যক্তির বাড়ির পেছনের খালের পাড়ে রাখা জালে রাসেলস ভাইপার আটকা পড়ে।










