সকাল থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামীরা
- আপডেটঃ ১২:১৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
- / ৮২৫ বার পঠিত
সকাল থেকেই রাজধানী সকাল থেকেইঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির কারণে সড়কে যানবাহন চলাচল কমে যায়। আর এই সুযোগে রিকশা ও সিএনজি ভাড়াও বেড়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষরা।
আজ বুধবার (২৬ জুন) ভোর থেকেই রাজধানীর আকাশ ছিল কিছুটা মেঘলা। বেলা বাড়লেও সূর্যের তেজ বাড়েনি ঢাকায়। আর সকাল সাড়ে ৮টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। যারা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে হেঁটে, বাইকে বা রিকশায় বের হয়েছেন বৃষ্টির কারণে তারা মাঝ রাস্তায় আটকে পড়েন।
অন্যদিকে, বৃষ্টির কারণে মানুষজনও পড়েন বিপাকে। বিশেষ করে, যারা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে হেঁটে, বাইকে বা রিকশায় বের হয়েছেন তারা মাঝ রাস্তায় আটকা পড়েন। এমন অবস্থায় পথচারী ছাড়াও ছিন্নমূল মানুষদের মেট্রোরেলের পিলারের নিচে আশ্রয় নিতে দেখা যায়।
এক যাত্রী বলেন, বৃষ্টির কারণে ৩০ টাকার ভাড়া ৫০ টাকা দিতে চেয়েছি, কিন্তু রিকশাচালক চাচ্ছে ৮০ টাকা। এমন অবস্থায় অনেকেই ভিজে ভিজে গন্তব্যের পথে যাত্রা করেছেন। ঝুম বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটা কমে গেছে।
এদিকে, বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এই সময়ের মধ্যে ঢাকা ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, খুলনা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
তবে এই সময়ে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই সময়ে অস্বস্তিভাব বিরাজ করতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।










