আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে শেয়ারবাজারও
- আপডেটঃ ০২:৫১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ৯৭৩ বার পঠিত
প্রতিবছরের মতো আজ ব্যাংক হলিডে। ফলে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ব্যাংকে লেনদেন হবে না। বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। ২০২৪ সালের অর্ধবার্ষিক হিসাব বিবরণী চূড়ান্ত করার জন্য আজ ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু শাখা খোলা থাকবে। তবে গ্রাহক পর্যায়ে কোনো লেনদেন হবে না।
সংশ্লিষ্টরা জানান, সোমবার (০১ জুলাই) ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এদিন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না।
তবে গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন না করলেও নিজস্ব হিসাব মেলাতে খোলা থাকবে ব্যাংক।
বছরে দুইদিন ব্যাংক হলিডে, এর একদিন ০১ জুলাই এবং অন্যদিন ৩১ ডিসেম্বর। এ দুই দিনে ব্যাংকগুলো তাদের লাভ-ক্ষতির হিসাব করে নতুন দিন শুরু করে। ব্যাংকগুলো ০১ জুলাই অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে এবং ৩১ ডিসেম্বর বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে।










