ইকুয়েডরের বিপক্ষে মেসি খেলবেন কি না, জানালেন স্ক্যালোনি
- আপডেটঃ ০৪:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ৮১৮ বার পঠিত
কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইকুয়েডরের বিপক্ষে লিওনেল মেসি খেলবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছে। শেষ আটের এ ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলন সেরেছেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। যদিও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির দাবি, অনুশীলনের আগে মেসির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন তিনি।আসরের প্রথম কোয়ার্টারে ইকুয়েডরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আগামী শুক্রবার (০৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
মূলত চিলির বিপক্ষে ইনজুরির শঙ্কা নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার বিপক্ষে নিতম্বের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন লিও। চিলির বিপক্ষেও এর রেশ কাটেনি। তাই কোয়ার্টার ফাইনাল সামনে রেখে তাকে বিশ্রামে রাখা হয়। পেরুর বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলেননি মেসি।
এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গতকাল বুধবার (০৩ জুলাই) জানিয়েছে, শেষ আটের লড়াইয়ে শুরুর দিকে মেসিকে দেখা যেতে পারে। সোমবার (০১ জুলাই) খানিকটা সুস্থ বোধ করায় মঙ্গলবারও দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত মেসির পূর্ণ সুস্থতার অপেক্ষা করবেন স্ক্যালোনি।
স্ক্যালোনির মন্তব্য, ‘আমি এখনও তার অবস্থা নিয়ে কথা বলিনি। আমার মনে হয়, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। অবশ্যই আজ (গতকাল) কথা বলব। কারণ, ম্যাচের এক দিন আগে এবং (সুস্থ হয়ে উঠতে) তার পুরো সময়টাই পাওয়া উচিত। যতটা সম্ভব অনুশীলনও করে নিতে পারছে। অনুশীলনের আগে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব।’ এদিকে গ্রুপ পর্বে শেষ ম্যাচে পেরুর বিপক্ষে নিষিদ্ধ ছিলেন স্ক্যালোনি। তবে শেষ আটের লড়াইয়ে ডাগআউটে তাকে দেখা যাবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসির খেলার বিষয়ে ইঙ্গিতও করেছেন তিনি। এ সময়ে হুলিয়ান আলভারেজ আর লাওতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর প্রসঙ্গও উঠে আসে।
জবাবে স্ক্যালোনি বলেন, ‘দুজনকে খেলানো হতেই পারে। আজ ট্রেনিং সেশনে আমরা এটা নিয়ে কথা বলব। ট্রেনিং সেশন শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। একসঙ্গে খেলানোর সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না।’
আর্জেন্টাইন এই কোচের মন্তব্য, ‘এটা খুবই উঁচু পর্যায়ের একটা টুর্নামেন্ট। বেশ কয়েকটি দল এখানে ভালো করেছে। যেমন ব্রাজিল-কলম্বিয়া ম্যাচটা খুব উপভোগ করেছি। উরুগুয়ে ভালো খেলছে। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের যে কেউ ফাইনালে গিয়ে কাপ জিততে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই।’










