৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস
- আপডেটঃ ১২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / ৮২৭ বার পঠিত
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে তিন বিভাগে ভারী বর্ষণের আভাস দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৪ জুলাই) রাতে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত সবশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবারের (২৫ জুলাই) খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৬ জুলাই) এর পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এছাড়া আগামী ৫ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।










