কেরালায় ভূমিধসে নিহত অন্তত ৩৬, আরও হতাহতের আশঙ্কা
- আপডেটঃ ০৩:১৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ৮৯৭ বার পঠিত
ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড়ে প্রবল বৃষ্টির পর ব্যাপক ধস নেমেছে। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন। এ ছাড়া কয়েকশ মানুষ আটকে পড়েছেন।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় সময় ভোরে কেরালার ওয়েনাদ জেলার মেপ্পাদি এলাকার কাছে একটি পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। (খবর টাইমস অব ইন্ডিয়ার)। স্থানীয়রা জানান, ভূমিধসের ঘটনায় এখনো অনেক মানুষের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) বলেছে যে, ফায়ারফোর্স এবং এনডিআরএফ দলগুলোকে ক্ষতিগ্রস্থ এলাকায় মোতায়েন করা হয়েছে, একটি অতিরিক্ত এনডিআরএফ দল ওয়ানাদের পথে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন।
মূলত প্রবল বৃষ্টির জন্যই নেমেছে এই ধস। শুধুমাত্র ধস নয়, আরও একাধিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খলা হয়েছে। দুটি নাম্বারও চালু করা হয়েছে, যেগুলোতে যোগাযোগ করে খোঁজ নেওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বেগ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রীকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি মঙ্গলবার কেরালার ওয়েনাদ জেলায় ভূমিধসে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি মৃতের পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা করেছেন।










