ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ১৫০
- আপডেটঃ ০৫:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৮৩৫ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১০৫ জন রোগী। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬ জনের। এদের মধ্যে পুরুষ ৫০ শতাংশ এবং নারী ৫০ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৫ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ৫ জন, বরিশালে ২৯ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ১৫ জন এবং রংপুর বিভাগে ছয়জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ছয় হাজার ১৪৪ জন। যাদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী। ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত মৃত ৫৬ জনের মধ্যে ৫০ শতাংশ নারী এবং ৫০ শতাংশ পুরুষ।
প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গত বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।










