দুপুরে আদালতে তোলা হবে সালমান ও আনিসুলকে, চাওয়া হবে রিমান্ড
- আপডেটঃ ১২:২৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ৮৪২ বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে বলে ডিবির একটি সূত্র জানিয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়। এর আগে, বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে কোস্টগার্ড। এরপর তারা এ দুজনকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে পুলিশ তাদের ডিবির হাতে সোপর্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই সরকারের অনেক মন্ত্রী ও এমপি গা-ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশত্যাগ করেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়।










