বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি
- আপডেটঃ ০৪:১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৯৫৪ বার পঠিত
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ভারতেও। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন দেশটিতে। যা নিয়ে উঠেছে প্রশ্ন। একই সঙ্গে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত করে প্রচার করা হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের বিষয়টি। যা নিয়ে এবার ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টের দিন জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশটির রাজধানীতে লালকেল্লায় দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। লালকেল্লায় টানা ১১তম স্বাধীনতা দিবসের ভাষণ দেন মোদি।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদি বলেন, ‘১৪০ কোটি দেশবাসী চাইছেন, সে দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করা হোক। ভারত বরাবর চেয়ে এসেছে সেখানে সুখ এবং শান্তি বজায় থাকুক। শান্তির বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বাংলাদেশের বিকাশের জন্য আমাদের শুভকামনা থাকবে। কারণ আমরা মানবতার পক্ষে।’
প্রসঙ্গত, সরকারের বিরুদ্ধে দেশজুড়ে সহিংস বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হন। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন তিনি। শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও আছেন। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। এমনকি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনিসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।










