পানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, তীব্র যানজট
- আপডেটঃ ১২:৪১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ৯০৩ বার পঠিত
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। হাঁটুপানিতে তলিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রামমুখী লেন। এতে ওই মহাসড়কের ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রী সাধারণ।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকায় ওই তীব্র যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, মহাসড়কের উপজেলার নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে।
একজন কাভার্ডভ্যান চালক জানান, চৌদ্দগ্রামে ভোর ৬টায় যানজটের কবলে পড়ি। কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি। যার কারণে গাড়ি চালানো অনেক কষ্টকর। ধীরগতি হওয়ায় সড়কে যানজট লেগেছে। প্রায় সোয়া ১ ঘণ্টা ধরে আটকে আছি।
একজন বাস চালক বলেন, এক কিলোমিটার সড়ক প্রায় ৪০ মিনিটে অতিক্রম করেছি। খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। সড়কে এভাবে পানি থাকলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হবে।
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
এদিকে, বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিচু এলাকার বিভিন্ন সড়ক কোথাও হাঁটু আবার কোথাও কোমর পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। ফলে দৈনন্দিন প্রয়োজনে বের হওয়া লোকজন পড়েছেন মারাত্মক ভোগান্তিতে।
জানা গেছে, নগরীর হালিশহর, ঈদগাহ, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, মুরাদপুর, শোলকবহর, ২ নম্বর গেট, বাকলিয়া ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার কোনো কোনো সড়কে কোমর পরিমাণ পানি দেখা যায়।










