প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, উদ্ধারের অপেক্ষায় হাজারো মানুষ
- আপডেটঃ ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪
- / ৮১৯ বার পঠিত
দেশের বন্যাকবলিত ১১ জেলার কোথাও কোথাও পানি কিছুটা কমেছে। কিন্তু যতগুলো স্থানে কমেছে, তার চেয়ে বেশি এলাকা গতকাল প্লাবিত হয়েছে। ফেনীতে প্লাবিত হয়েছে সোনাগাজী উপজেলা। এর মধ্য দিয়ে জেলার সব উপজেলাই স্মরণকালের ভয়াবহ বন্যার রূপ দেখল। পাশের জেলা কুমিল্লায় গোমতী নদীতে রেকর্ড পরিমাণ পানি বাড়ায় প্লাবিত হয়েছে বুড়িচং উপজেলার পাঁচটি ইউনিয়ন। বন্যা বিস্তৃত হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়িতেও। ভাঙনের কারণে একই পরিস্থিতি মৌলভীবাজারেও। এতে নিহত হয়েছেন ১৫ জন। এখন পর্যন্ত ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। এ মুহূর্তে মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি।
কুমিল্লায় গোমতী নদীতে পানির উচ্চতা কিছুটা কমেছে। তবে শুক্রবার বিকালে নতুন করে প্লাবিত হয় ৫০টি গ্রাম। এসব এলাকার অন্তত দেড় লাখ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। দুর্গত এসব মানুষসহ আদর্শ সদর, চৌদ্দগ্রাম ও লাঙ্গলকোট উপজেলার সাত লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
নোয়াখালীতে আট উপজেলায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সড়ক ও বাড়ি-ঘর কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। এসব জায়গায় ৫০০ টনের বেশি চাল বিতরণ করেছে প্রশাসন।
বন্যা পরিস্থিতি মোকাবিলা প্রসঙ্গে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের ধৈর্য ধরতে আহ্বান জানাচ্ছি। প্রতিটি আশ্রয়কেন্দ্রে ত্রাণ পৌঁছানোর কাজ চলছে। আশা করছি সঠিক সমন্বয়ের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে আমরা ত্রাণ পৌঁছাতে পারব।
ফেনীর ছয় উপজেলায় ১০ লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত ৫০ হাজার জনকে। বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন সব এলাকা। সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
স্থানীয় স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন, অনেকেই খাবার, বিশুদ্ধ পানির তীব্র অভাবে আছে। তাদের সহায়তায় এগিয়ে আসা উচিত।
বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের হাটহাজারী ও ফটিকছড়িতে পানি কমেছে। তবে দুর্ভোগে পড়েছে ৭০ হাজার মানুষ। খাগড়ছড়িতে পরিস্থিতি অপরিবর্তিত, দীঘিনালায় এখনও পানিবন্দি কয়েক হাজার মানুষ।
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, দেড় শ থেকে দুই শ পরিবার বন্যার কারণে আটকা পড়েছে। আমরা তাদের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করেছি। কবাখালী ও বোয়ালখালীসহ অন্য বন্যাদুর্গত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানি কমছে ধীরে। হবিগঞ্জের খোয়াই নদীর পানিও কিছুটা কমেছে। তবে সেখানে পাঁচ উপজেলায় পানিবন্দি রয়েছেন ৫৭ হাজার মানুষ।
স্থানীয়রা বলছেন, পানি কমলেও নিজেদের বাড়িতে গিয়ে থাকার অবস্থা নেই। বন্যায় সব ভেসে গেছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে মনু নদের পানির কারণে নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে অনেক এলাকায়।










