বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, সবচেয়ে বেশি ফেনীতে
- আপডেটঃ ০৪:০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ৯৮৬ বার পঠিত
দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় সরকারি হিসাবে এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, এরমধ্যে ফেনীতেই সবচেয়ে বেশি মৃত্যুর খোঁজ মিলেছে। এখনও দেশের ১১টি জেলায় ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানিবন্দি রয়েছে।
আজ শনিবার (৩১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে পুরুষ রয়েছে ৪১ জন। এছাড়া ৬ জন মহিলা এবং ১২ জন শিশু রয়েছে।
বন্যায় সবচেয়ে বেশি ২৩ জন মারা গেছে ফেনীতে। কুমিল্লায় ১৪, নোয়াখালীতে ৯, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩ এবং খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। মৌলভীবাজার জেলায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পরিস্থিতি উন্নতি হয়েছে। আর কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার পরিস্থিতি উন্নতি হচ্ছে।
বন্যার্তদের আশ্রয়ের জন্য ৩ হাজার ৯২৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৩ লাখ ৯৩ হাজার ৩০৫ জন মানুষ, ৩৬ হাজার ১৩৯টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।










