আশুলিয়ায় ৮ পোশাক কারখানায় সাধারণ ছুটি
- আপডেটঃ ০১:১৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৮২৮ বার পঠিত
সাভারের আশুলিয়ায় টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকালে কাজে যোগ দিয়েছিলেন পোশাক শ্রমিকরা। কাজে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পর অন্তত ১৭টি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। তবে কোথাও বড় রকমের বিশৃঙ্খলা কিংবা সড়কে বিক্ষোভের ঘটনা জানা যায়নি।
আজ রোববার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি দেয় কারখানা কৃর্তপক্ষ।
এদিকে পোশাক কারখানায় অস্থিরতার কারণে পাঁচজনকে আটক করেছে পুলিশ। তবে তারা শ্রমিক কিনা জানা যায়নি। এর আগেও ১৪ জনকে আটক করা হয়েছিল।
বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আটটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
শ্রমিক আটক বিষয়ে তিনি বলেন, এর আগে ১৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এখন যে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।










