ছাত্রলীগের সাবেক নেতা রাবি কর্মকর্তা মাসুদকে পিটিয়ে হত্যা
- আপডেটঃ ০১:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৭১ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়–সংলগ্ন বিনোদপুর বাজারে তাঁর ওপর হামলা হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মাসুদের বিরুদ্ধে গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ করা হয়। তবে আব্দুল্লাহ আল মাসুদের উপর ২০১৪ সালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার একটি পা কেটে নেয়। হাত পায়ের রগও কেটে দেয়। এরপর থেকে তিনি পঙ্গু জীবন-যাপন করছিলেন। কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতেন।
২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৩ সেপ্টেম্বর মাসুদ মেয়ে সন্তানের জনক হন। তাকে হত্যার ১২ ঘণ্টা আগে মাসুদ মেয়ের ছবি ফেসবুকে দিয়ে সবার দোয়া চান। এর ১২ ঘণ্টা পর তাকে হত্যা করা হয়।
তার বন্ধু ও স্বজনরা জানান, প্রসূতি স্ত্রী ও নবজাতকের জন্য ওষুধ কিনতে মাসুদ শনিবার রাতে বিনোদনপুর বাজারে আসেন। তখনই তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, রাতেই তাকে থানায় আনা হয়। বৈষম্যবিরোধী ছাত্রদের নামে স্লোগান দিয়ে মাসুদের ফাঁসির দাবি করা হয়। পরে সেনাবাহিনী ডেকে তাকে হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্ত করা হবে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।










