ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক
- আপডেটঃ ১২:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৮২ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় রাউজানের (চট্টগ্রাম-৬) আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁকে আটক করেন।। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়। তারা হলেন, নুরপুর এলাকার একাধিক মামলার আসামি হান্নান মিয়া মেম্বার এবং আব্দুল্লাহপুর এলাকার কবির ভূঁইয়ার ছেলে নাঈম মিয়া।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ফকিরমোড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করে।
আটক ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও এসব মামলায় পুলিশের ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।










