ভারতের মণিপুরে মিয়ানমার থেকে ৯০০ কুকির প্রবেশ
- আপডেটঃ ০২:১৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৪৩ বার পঠিত
ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে ভারতের রাজ্য মণিপুরে। প্রতিবেশী মিয়ানমার থেকে ৯০০-এরও বেশি কুকি রাজ্যটিতে অনুপ্রবেশ করেছে। দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই রাজ্যে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।
গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, এরই মধ্যে এই তথ্য উচ্চমহলে পৌঁছে গেছে। এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে।
এই গোয়েন্দা তথ্য ১০০% সত্য বলে শুক্রবার সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং।
ভারতের মণিপুর রাজ্যে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে বলে এর আগে মন্তব্য করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং। গত সোমবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর প্রমাণ হিসেবে সদ্য গ্রেপ্তার হওয়া একজন বিদেশির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সহিংসতার ঘটনায় সম্প্রতি এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আসাম রাইফেলস। ওই ব্যক্তি কুকি ন্যাশনাল আর্মির (বার্মা) ক্যাডার বলে জানা যায়। সশস্ত্র গোষ্ঠীটির আরেক নাম কেএনএ–বি। পরে জানা যায় ওই ব্যক্তি মিয়ানমানের নাগরিক। এ ঘটনার জেরেই এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।
ভারতের মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সোমবার ইমফালে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী এন. বিরেন। তিনি বলেন, সহিংসতার শুরুতে মণিপুরের একটি বড় অংশ বিশ্বাস করতে পারেননি এটি বিদেশিদের কাজ। এবার তো বোঝা গেল। এ সময় বিদেশি চক্রান্তকারী ও অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আসাম রাইফেলসের প্রশংসা করেন তিনি।
এন, বিরেন সিং বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে আমি বারবার এ কথা বলে আসছি যে, এই চলমান সংকটে বিদেশিদের মদদ রয়েছে। তারা এখানে রসদ যোগাচ্ছে।’










