১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
- আপডেটঃ ০১:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৮৪১ বার পঠিত
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আকতার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। নদীতে চর ড্রেজিং না হওয়া এবং দূষণের কারণে সাগর থেকে নদীতে মা ইলিশ ডিম ছাড়তে আসতে পারছে না। তাই ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া, ভারতে ইলিশ রপ্তানির বিষয়েও কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। তিনি বলেন, গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। আমরা না। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইলিশ রপ্তানির বিপক্ষে জানিয়ে তিনি বলেন, আমরা দেশের মানুষের জন্য ইলিশ রাখার পক্ষে এবং রপ্তানির বিপক্ষে। দেশে অনেক ইলিশ আছে। গতবারও ভারত কম ইলিশ নিয়েছে। হুট করে ইলিশের দাম বেড়ে যাবে এটাও ঠিক না। রফতানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেয়া হবে।
রপ্তানির বন্ধ করা মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কাজ নয় জানিয়ে ফরিদা আখতার বলেন, আমি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য ক্ষমতাপ্রাপ্ত না। এছাড়া ইলিশ মাছ পূজার সঙ্গে সম্পর্কিত নয়। হিন্দু ধর্মের অনুসারীদের থেকে বিষয়টি জেনেছেন বলেও জানান তিনি।










