লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৪৯২
- আপডেটঃ ০৪:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৯১৭ বার পঠিত
লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯২ জনে। এর মধ্যে ২৪ জন শিশু, ৩৯ জন নারী এবং দুইজন প্যারামেডিক সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬৪৫ জনেরও বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর প্রায় ৩০০টি লক্ষ্যবস্তুতে সাড়ে ছয়শোটিরও বেশি হামলা চালিয়েছে তেলআবিব।
এদিকে হিজবুল্লাহ সক্রিয় রয়েছে, এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল পৌনে ৯টায় এ হামলা চালানো হয়েছে। হতাহতদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক আছে বা হিজবুল্লাহ আছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশ কয়েকটি আবাসিক এলাকায় হামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা লেবাননে আমাদের হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ হামলা অব্যাহত থাকবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচেই আদরেই বলেছেন, হিজবুল্লাহর তিন শতাধিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে লেবাননের এসব বাসাবাড়িতে বিমান হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়েছিল।
ইসরায়েলের এ হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে বিভিন্ন সামরিক চৌকিতে রকেট হামলার কথা জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।










