সুলভ মূল্যে ডিম–আলুসহ ১০টি কৃষি পণ্য বিক্রি শুরু
- আপডেটঃ ০৬:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- / ৮১৪ বার পঠিত
ঢাকার ২০টি জায়গায় কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) উচ্চ মূল্যের বাজারে ভোক্তাকে স্বস্তি দিতে কম মূল্যে ডিম, সবজি বিক্রির এ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে ১০টি কৃষি পণ্য সুলভ মূল্যে কিনতে পারবে ভোক্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, এতে ভোক্তাদের সুবিধা হবে। তিনি বলেন, ‘ভোক্তারা যাতে সুলভ মূল্যে ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পায় সেজন্য আমাদের এ প্রচেষ্টা। আমরা সবার সহযোগিতা কামনা করি।’
এসময় কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা ন্যায্যমূল্যে ডিম, আলু, পেঁয়াজ, সবজি যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি সেজন্য এ কার্যক্রম নিয়েছি।’
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর ২০টি স্থানে ট্রাকসেলের মাধ্যমে এসব কৃষিপণ্য দেওয়া হবে। স্থানগুলো হলো- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বসিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও ঝিগাতলা।
এই কর্মসূচির আওতায় জন প্রতি এক কেজি আলু ৩০ টাকা, এক ডজন ডিম ১৩০ টাকা, এক কেজি পেঁয়াজ ৭০ টাকা, ১ কেজি কাঁচা পেঁপে ২০ টাকায় এবং পাঁচ কেজি বিভিন্ন ধরনের সবুজ শাক-সবজি প্যাকেজ আকারে বিক্রি করা হবে।










