লেবাননের দক্ষিণ ও পূর্বে ইসরায়েলের হামলা, নিহত ২৩
- আপডেটঃ ০৬:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ৮৫৯ বার পঠিত
লেবাননে গত ২৪ ঘণ্টায় ২০০ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান হামলায় গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে কমপক্ষে ২৩ জন নিহত এবং আরও ৩১ জন আহত হয়েছেন।
আজ বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দক্ষিণ লেবাননের নাবাতিহ, বিনত জবেইল ও মারজায়ুন জেলার পাশাপাশি টিয়ের ও জেজিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আর পূর্ব লেবাননের জাহলে ও পশ্চিম বেকা জেলায় বিমান হামলা চালানো হয়।
লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, স্রেববাইন শহরে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছে। মারজায়ুন জেলায় যুদ্ধবিমান খিয়াম শহরে হামলা চালায়। একই জেলায় টাউলিন শহরে হামলায় তিনজন নিহত হয়েছে। এ ছাড়া টিয়ের জেলার কানা শহরে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছে।
অপরদিকে পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরে চালানো হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গেল সেপ্টেম্বরের মাঝামাঝি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার কথা বলে লেবাননের দক্ষিণে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে দক্ষিণের পাশাপাশি অন্য অঞ্চলেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। এ ছাড়া ১০ লাখের বেশি লেবানিজ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।










