সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে জটিলতা
- আপডেটঃ ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- / ৮৯২ বার পঠিত
সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে শেষ মুহূর্তে জটিলতা দেখা দিয়েছে। তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকাগামী ফ্লাইটে ওঠার কথা রয়েছে তার। তবে তাকে সেই ফ্লাইটে উঠতে নিষেধ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এমন ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সাকিব। এই মুহুর্তে তারকা এই অলরাউন্ডার বুঝতে পারছেন না, তিনি এখন কি করবেন। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন নাকি বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করবেন।
সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই মিরপুরে বিভিন্ন স্লোগান উঠেছে। স্টেডিয়ামের দেয়ালেও তার বিরুদ্ধে স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার (১৬ অক্টোবর) সাকিবের কুশপত্তলিকা দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তার বিরুদ্ধে একটি পক্ষের আজ বিসিবিতে স্মারকলিপি দেওয়ার কথা।
এরপর সাকিবকে নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। যদিও বিসিবি সংশ্লিষ্টরা এখনও আশাবাদী, সাকিব মিরপুর টেস্টে খেলতে পারবেন। এই ম্যাচ খেলেই তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হতে যাচ্ছে প্রথম টেস্ট। আজ দেশে ফিরে আগামীকাল অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল সাকিবের। সেটা শেষ পর্যন্ত ঠিক থাকে কিনা- তা অনিশ্চিত। জানা গেছে, সরকারি পর্যায় থেকেই সাকিবকে দুবাইয়ে অবস্থান করার বার্তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আইসিসি সভায় যোগ দিতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী এখন দুবাই আছেন।










