সাগরে নিম্নচাপ, সব বন্দরে সতর্ক সংকেত
- আপডেটঃ ১১:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
- / ৮১৯ বার পঠিত
আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে ক্রমেই এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে। বিদ্যমান নিম্নচাপের ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০২৫ কিমি. দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিমি. দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৭০ কিমি. দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০০৫ কিমি. দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিমি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর শুক্রবার (২১ অক্টোবর) কলকাতা পৌরসভার সবগুলো বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের উপকূলবর্তী পৌরসভাগুলোকে নিয়েও এদিন বৈঠক হয়।
এদিকে, ভারতের আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ অক্টোবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৫ অক্টোবর নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি।










