৯৭ রানে আউট মিরাজ, প্রোটিয়াদের লক্ষ্য ১০৬
- আপডেটঃ ১২:৫৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৮১৬ বার পঠিত
মিরপুর টেস্টের তৃতীয় দিনে দারুণ ব্যাট করছিল বাংলাদেশ। মনে হচ্ছিল সেদিনই সেঞ্চুরি পেয়ে যাবেন মেহেদী হাসান মিরাজ। তাকে দারুণ সঙ্গ দিচ্ছিলেন নাঈম হাসান। পরে বৃষ্টির কারণে ম্যাচ থামলে শেষ হয় দিনের খেলা। চতুর্থদিনে দারুণ কিছুর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। উইকেটে নেমে বিশেক্ষণ স্থায়ী হতে পারেনি বাংলাদেশ। সেঞ্চুরির আগে আত্মহুতি দিয়েছেন মিরাজ। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে টার্গেট ১০৬ রানের।
চতুর্থ দিনের প্রথম ওভারেই ফিরে যান নাঈম হাসান। রাবাদার নিচু বলে এলবিডব্লিউ হন টাইগার এই ব্যাটসম্যান। এরপর তাইজুল ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। মুল্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তবে অপরপ্রান্তে শতকের জন্য লড়ছিলেন মেহেদী হাসান মিরাজ। মাঝে কিছু দারুণ শট খেলে শতকের আরও কাছে চলে যান। তবে রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে শতকের আক্ষেপ নিয়ে ফেরেন টাইগার এই অলরাউন্ডার। ১৯১ বলে ১০ চার এবং এক ছক্কায় ৯৭ রানে আউট হন মিরাজ।
এদিকে চতুর্থ দিনের তিনি উইকেটের দুইটিই নিয়েছেন রাবাদা। যার ফলে ইনিংসে ৬ উইকেট পেলেন প্রোটিয়া এই পেসার। ৩ উইকেট পেয়েছেন কেশব মহারাজ। আর বাকি উইকেটটি মুল্ডারের।
এর আগে, মিরপুর টেস্টের তৃতীয় দিনে ইনিংস হারের শঙ্কা জেগেছিল বাংলাদেশের। তবে মিরাজ ও জাকের আলীর দুর্দান্ত জুটিতে সেই শঙ্কা কাটিয়ে লিড পায় টাইগাররা। তবে লিডটা বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ২০৪ রানের কম লক্ষ্য দিয়ে কখনও জিততে পারেনি টাইগাররা। ফলে এই ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হবে তাদের।










