মিরপুর টেস্টে বড় পরাজয় টাইগারদের
- আপডেটঃ ০৩:১৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
- / ৯৬১ বার পঠিত
সদ্য শেষ হওয়ার ভারত সফরে পুরোপুরি ব্যর্থ হয়েছিল বাংলাদেশ দল। টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে মানসিকভাবে চাপে ছিল টাইগাররা। তবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল শান্ত বাহিনী। কিন্তু সিরিজের প্রথম এবং মিরপুর টেস্টেও নিজেদের সেরাটা দিতে পারেনি স্বাগতিকরা। যার ফলে প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা।
মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ৩০৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ৩০৭ রান করলে প্রোটিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১০৬ রান। জবাব দিতে নেমে চতুর্থ দিনের প্রথম সেশনে ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় সফরকারীরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই প্রোটিয়া ওপেনার এইডেন মারক্রম এবং টনি ডে জর্জি। দুজনের ব্যাট থেকে আসে ৪২ রান। কিন্তু ইনিংস বড় করতে পারেননি মারক্রাম। ২৭ বলে ২০ রান করে তাইজুলের বলে বোল্ড আউট হন তিনি। ৫২ বলে ৪২ রান করে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার টনি ডে।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ডেভিভ বেডিংহ্যাম। ১২ রান করেন তিনি। শেষ পর্যন্ত ক্রিস্টান স্টাবসের ৩০ রান এবং রাইয়ান রিকেলটনের অপরাজিত ৩ রানে ভর করে ৭ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। এতে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেটই শিকার করেছেন তাইজুল ইসলাম।
এর আগে, আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনের দ্বিতীয় বলেই উইকেট হারায় বাংলাদেশ। কাগিসো রাবাদার করা ওভারের প্রথম বলে এক রান নেন মিরাজ। পরের বলে এদিন প্রথমবারের মতো স্ট্রাইক নেন নাঈম হাসান। নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারিতে বলের লাইন মিস করেছেন নাঈম। বল সরাসরি তার পায়ে আঘাত হানলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ১৬ রান।
দশে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল ইসলাম। ৭ বল খেলে ৭ রান করেছেন তিনি। মুল্ডারের বলে স্ট্রাবসের হাতে ধরা পড়েছেন তাইজুল। শেষ উইকেট জুটিতে দ্রুত রান তোলায় মন দেন মিরাজ। তবে ভাগ্য তার পক্ষে ছিল না। বাকিদের যাওয়া-আসার মাঝেও এক প্রান্ত আগলে রেখে লড়াই করেছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন ৯৭ রানে। দুর্দান্ত খেলে কাছাকাছি এসেও সেঞ্চুরি না পাওয়াটা নিশ্চিতভাবেই পুড়াবে মিরাজকে।
আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।










