কুষ্টিয়ায় নদীতে পুলিশের ওপর হামলা, দুই এএসআই নিখোঁজ
- আপডেটঃ ০২:০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- / ৮৮৯ বার পঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এতে কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।
আজ রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বের কালুয়া গ্রামের জেলেপাড়া অংশে গতরাতে ৬ জন পুলিশ সদস্য অভিযানে যায়। ইলিশ নিধন বন্ধ কার্যক্রমের এই অভিযানে তাদের সাথে ছিলেন স্থানীয় দুই মেম্বার।
এ সময় মাঝরাতে জেলেদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এরপর চারজন পুলিশ সদস্যসহ দুইজন ইউপি সদস্য সাঁতরে পাড়ে উঠলেও এএসআই মুকুল এবং সদরুল নিখোঁজ রয়েছেন।
কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়েছিল। নদীর মাঝখানে তাদের সাথে দু’পক্ষের সংঘর্ষ হলে নৌকা ডুবিতে দুই সদস্য নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজে যোগ দিতে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডু্ুবরি দল রওয়ানা হয়েছে।










