আগামী ৩ দিন যেসব অঞ্চলে ঝরতে পারে বৃষ্টি
- আপডেটঃ ০৪:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
- / ৮১৬ বার পঠিত
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের কয়েক অঞ্চলে আগামী ৩ দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশে তাপমাত্রার তারতম্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিন (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবারের (৩০ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আগামী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত ৫ (পাঁচ) দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।










