মিরপুরের সাবেক ডিসি জসীম গ্রেপ্তার
- আপডেটঃ ০১:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৯৪৮ বার পঠিত
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুরের সাবেক ডিসি (উপকমিশনার) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে প্রথম কোনো আসামিকে গ্রেপ্তার করলো পুলিশ।
আজ বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চত করেছেন জসিম উদ্দিনের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমান।তিনি জানান, আজ বুধবারই তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার কাউকে ট্রাইব্যুনালে নেওয়া হচ্ছে।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীন মোল্লাকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এরআগে, গত ১৭ অক্টোবর শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আর বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২০ জনকে হাজির করতে ২৭ অক্টোবর নির্দেশ দেন তিন বিচারপতির ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুর রাজ্জাক, দীপু মনি, ফারুক খানসহ ১৪ জনকে ১৮ নভেম্বর হাজিরের নির্দেশ দেন। আর ২০ নভেম্বর হাজির করতে বলা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কমকর্তা জিয়াউল আহসানসহ আরও ৬ জনকে।
এছাড়া, সেদিন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।










