রাজধানীতে সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনায় আগুন
- আপডেটঃ ১২:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৯৩৪ বার পঠিত
রাজধানীর মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি ও পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়িতে এবং পুলিশের একটি লেগুনায় আগুনের ঘটনা আছে। আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন তাঁরা। পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করতে আসলে তাদের ওপর ইট–পাটকেল ছুড়তে থাকেন আন্দোলনকারীরা। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে।
এ সময় সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়।পুরো এলাকা বন্ধ করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতি থমথমে এখনও।
শ্রমিকদের আন্দোলন চলাকালে একজন বহিরাগত দুটি যানবাহনে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।










