২৪ বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ ভারত
- আপডেটঃ ০৬:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৯১৯ বার পঠিত
কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। কিন্তু পরের সিরিজেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো রোহিত-কোহলিদের। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে আকাশী-নীলরা। তৃতীয় ম্যাচে ভারতকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছে কিউইরা।
আজ রবিবার (০৩ নভেম্বর) দুপুরে বিশ্বজয়ের মাঠ ওয়াংখেড়েতে কিউয়িদের বিরুদ্ধে চুনকাম হয়ে গেল ভারত। ২৪ বছর পরে এই প্রথমবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারতীয় ক্রিকেট দল।
বিশ্বচ্যাম্পিয়ন দল ভারতের দায়িত্ব নিয়েছিলেন প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। অথচ, গত জুলাই থেকে একাধিক লজ্জার নজির গড়েছে ভারতীয় দল। সাফল্য বলতে কেবল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ সিরিজ জয়। তারপর থেকেই প্রশ্ন উঠছে, আইপিএলজয়ী মেন্টর গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেডকোচ করে দেওয়ার সিদ্ধান্ত কি আদৌ ঠিক ছিল?
জুন মাসে টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরেই মেন ইন ব্লুর দায়িত্ব নেন গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে শুরু হয় গুরু গম্ভীর পালা। জাতীয় দলের কোচ হিসাবে প্রথম সিরিজে অবশ্য সাফল্য পেয়েছে গৌতম। শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করে ভারত। কিন্তু ওয়ানডে সিরিজ থেকেই ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তিন ম্যাচের সিরিজে ২-০ জিতে নেয় লঙ্কা ব্রিগেড। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। সিরিজে একটাও ম্যাচে জিততে পারেনি ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট এবং টি-২০ সিরিজে অবশ্য দাপুটে জয় পায় মেন ইন ব্লু। কিন্তু নিউজিল্যান্ড সিরিজ আসতেই গুরু গম্ভীরের কোচিংয়ে ভারতীয় ক্রিকেটের হতশ্রী ছবিটা আবারও বেরিয়ে পড়ে। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এত কম রানে ভারত কখনও অলআউট হয়নি। পরপর দুই টেস্ট হেরে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া হয় ভারতের।










