বায়দূষণে শীর্ষে পাকিস্তানের লাহোর, ঢাকার কী অবস্থা?
- আপডেটঃ ১২:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৮৫০ বার পঠিত
বায়ুদূষণ বিশ্ববাসীর জন্য এক বড় সমস্যা। বর্তমানে বিশ্বের বিভিন্ন শহরগুলোর বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। অস্বাভাবিক বায়ুদূষণ বৃদ্ধিতে মানুষসহ বিভিন্ন প্রাণীর মৃত্যুঝুঁকি বেড়েই চলেছে। পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও চিনের বেইজিং শহরের বায়ূদূষণ কমছেই না। কয়েকদিন ধরেই বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে শহরগুলো।এছাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস ক্রমে ভালো হচ্ছে।
আজ শনিবার (০৯ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৬৫৯।
প্রতিষ্ঠান তথ্যানুযায়ী, ৬৬ স্কোর নিয়ে ৬২তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যা জনস্বাস্থ্যের জন্য ‘মাঝারি’ হিসেবে বিবেচিত। গতকাল শুক্রবার ৯৭ স্কোর নিয়ে ২৬তম এবং তার আগের দিন বৃহস্পতিবার ১৫৮ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে ছিল ঢাকা।
আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬৫৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে লাহোর শহর। এছাড়া ২৯২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের বেইজিং, ১৮৩ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় আছে চতুর্থ অবস্থানে এবং পঞ্চম অবস্থানে থাকা উগান্ডার কাম্পালা শহরের স্কোর ১৭৯।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।










