আজ দলে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
- আপডেটঃ ০১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৮৮২ বার পঠিত
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ স্কোয়াডে দুঃসংবাদ। চোটের কারণে এ ম্যাচে মাঠে নামা হচ্ছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। স্বাভাবিকভাবেই এ ম্যাচে বাংলাদেশ মিস করতে দারুণ ছন্দে থাকা এক ব্যাটারকে। পাশাপাশি তার জায়গায় নেতৃত্ব কে দেবেন সেটা নিয়েও ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ।
চোটের কারণে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পারবেন না নাজমুল হোসেন শান্ত। তার পরিবর্তে আজ দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
গত শনিবার (০৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ‘বড়’ সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন শান্ত। সে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান বাংলাদেশ অধিনায়ক। পরে আর ফিল্ডিংও করেননি তিনি, উঠে যান মাঠ থেকে।
এরপর গতকাল দুবাইতে এমআরআই করানো হয়। দেশের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, শান্তর চোটটা গুরুতর। পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বাংলাদেশ অধিনায়কের।
চলমান সিরিজে শুধু শান্তই নন, প্রথম ওয়ানডের পর আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। আফগানিস্তান সিরিজ তো বটেই, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও ছিঁটকে গেছেন উইকেটকিপার ব্যাটসম্যান।










