ইসরাইলি হামলায় গাজায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত
- আপডেটঃ ০৩:২০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৮৩৫ বার পঠিত
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৪০ জন নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করা এলাকাও। স্থানীয় সময় গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে গাজার দক্ষিণে আল-মাওয়াসি এলাকায় একটি ক্যাফেতে ড্রোন হামলা হয়।
দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় অবস্থিত ওই ক্যাফেতে ইসরায়েলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন বেসামরিক নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী এর আগে এই এলাকাকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল।
এদিকে গাজার কেন্দ্রে অবস্থিত নুসেইরাতের আল-আওদা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সোমবার ইসরায়েলি ট্যাংকগুলো পশ্চিম দিক থেকে নুসেইরাত শরণার্থী শিবিরে এবং বাসিন্দাদের ওপর গোলাবর্ষণ করে। এ ছাড়া একাধিক বিমান ও স্থল হামলা চালানো হয়। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
উত্তর গাজার বেইত লাহিয়া শহরের চিকিৎসকরা জানান, ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ছাড়া গাজা সিটিতে আরেকটি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর পর থেকে গাজা উপত্যকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।










